ঈশ্বর দর্শনের উপায়

ঈশ্বর দর্শনের উপায়

May 09, 2024

সারাদিনে একটু নিজের সাথে সময় কাটানো এ তো ঈশ্বর দর্শনের সমান। এই ভাগ্য সকলের হয় না। খুব কম মানুষই এই অভ্যাস করতে পারে। ধ্যান অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তার মানে শুধু এই নয় চোখ বুজে ঈশ্বরের ভাবনা। ধ্যান মানে মনটাকে স্থির করা। একটা গভীর চিন্তা পারে সেটা। যদিও সেই চিন্তা হতে হবে সুস্থ চিন্তা, সৃজনশীল চিন্তা। ছবি আঁকা, গান, সাহিত্য, কবিতা, নৃত্য যদি ধ্রুপদী/ ফাইনআর্টস চর্চা হয় তবেই তা ধ্যান অভ্যাসের সমান। প্রকৃত ছবি আঁকার চর্চা হলো ধ্যান অভ্যাস। নন্দলাল বসু  বলেছেন 'শিল্প হল ধ্যান বা চিন্তা। অন্যের ধ্যানে বা চিন্তায় সঞ্চারিত হতে হলে তাকে সংহত রূপ নিতে হয়। জনে জনে সঞ্চারিত হয় অনেক কিছুই অনেক উপায়ে, রসের সঞ্চার হয় একমাত্র শিল্পের ভাষায়।' অন্যের ছবি দেখে এঁকে বা শিক্ষকের ছবি দেখে দেখে এঁকে বা বই দেখে এঁকে করণ-কৌশল রপ্ত করা যেতে পারে  কিন্তু এই ধ্যানের উপকারিতা পাওয়া যাবে না, বা সেটা প্রকৃত ছবি আঁকা চর্চা বা শিক্ষাও নয়। প্রত্যেকের প্রয়োজন পড়ে একটু শিল্প সাধনার। হতে হবে না আপনার সৃষ্টি মহৎ কিছু কিন্তু তা যেন সক্রিয় হয়।