একদিনের গল্প

একদিনের গল্প

Apr 30, 2024

সৌমেন দাশ

ভোরের আলো সবে ফুটে উঠেছে।  অন্ধকার আস্তে আস্তে বিলীন হয়ে আলোকিত হয়ে উঠেছে চারিদিক। বিনয় ধরফর করে উঠে বসলো। ব্যস্ততার সাথেই বেরোনোর প্রস্তুতি নিতে লাগল। মা চায়ের কাপ ও দুটো বিস্কুট এগিয়ে দিয়ে বলল, 'বাবা আজ না বেরোলেই নয়। আজ নাকি সব থেকে বেশি গরম পড়বে।' 'মা, কি যে বলো নতুন জায়গায় কাজে যাচ্ছি, এখনো একমাস হয়নি। এরমধ্যে কামাই করলে সেটা ভালো দেখায় না। তুমি এক কাজ করো বোতলে নুন চিনির জল ভরে দাও। আর একদম চিন্তা করো না কিচ্ছু হবে না, আমি সাবধানেই থাকবো।' এই বলে বিনয় চলে গেল। প্রতিটা সকাল এক একজনের এক এক রকম ভাবে শুরু হয়। দিনের শেষটাও আসে একজনের কাছে এক এক রকম। সকাল শুরু হয় আশা, ভরসা, ব্যস্ততা নিয়ে। আর আক্ষেপ, নিরাশা, ক্লান্তি অথবা সন্তুষ্টি বা আনন্দ দিয়ে দিনের শেষ। তারপর আবারও একটা অন্ধকার ধীরে ধীরে ছুঁয়ে ফেলে সবকিছু।