একটা ঝড়ের রাত

একটা ঝড়ের রাত

May 22, 2024

সানিয়া ধাড়া (বিভাগ খ)

মার্চ মাসের কুড়ি তারিখ আমার জন্মদিন। মাসির ইচ্ছায় জন্মদিনটা মাসির বাড়িতেই কাটালাম। সকালেই আমি এসেছি মাসির বাড়ি। দুপুরের পাতে যে ভালো ভালো খাবার থাকবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। সকাল থেকেই খুব মজা করেছি। বিকালেও বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি। ছটায় বেরিয়ে আসার কথা। কেননা বাড়িতে মাও নানা রকম রান্না করছে, রাতেও ভালো ভালো খাবার অপেক্ষা করছে আমার জন্য। মাসির বাড়ি থেকে বের হতে যাব বাইরে দেখলাম ঝড় উঠেছে। আকাশ সন্ধ্যের আগেই অন্ধকার হয়ে গেছে। মনে হচ্ছে একটু পরে জোরে বৃষ্টি আসবে। আমি তো বেশ চিন্তায় পড়ে গেলাম। বাবাকে ফোন করলাম। বাবা বলল এই পরিস্থিতিতে আর বেরোতে হবে না। কিন্তু আমার মনটা খুব খারাপ হচ্ছে। মায়ের রান্নার গন্ধ যেন এখান থেকেই পাচ্ছি। মাসি বললো আমিও তোকে ভালো কিছু করে দিচ্ছি, আজকে আর যেতে হবে না। আমি মাকে ফোন করলাম, মায়ের গলাটা শুনে মনে হল মায়েরও খুব মন খারাপ। মা বলল আমি এত কিছু রান্না করলাম কি হবে। আমি একটা ছাতা নিয়ে দৌড়ে বেরিয়ে গেলাম। মাসি দরজার কাছে দাঁড়িয়ে চিৎকার করে বলছে ফিরে আয়, যাসনি যাসনি। প্রচন্ড ঝড় আমার ছাতা কে উড়িয়ে নিয়ে যেতে থাকলো। আমিও প্রাণপণে ছাতাটাকে ধরে আছি। অন্ধকারে ভেসে যাচ্ছি ঝড়ের সাথে। হঠাৎ দেখি একদম মায়ের রান্না খাবারের সামনে বসে পড়েছি। এতকিছু রান্না করেছে দেখে আমার চোখ একেবারে ছানাবড়া। খেতে যাব ঠিক এমন সময় মাসির গলার আওয়াজ। কিরে চোখ বুঝে কি ভাবছিস। চোখ খুলে দেখি আমি মাসির বাড়িতে বিছানায় হেলান দিয়ে বসে আছি।