কালীঘাটের পট
কালীঘাট পটচিত্র উনিশ শতকের বাংলার একটি চিত্রকলা। কলকাতার কালীঘাট অঞ্চলে কালীমন্দিরের কাছে এই চিত্র শিল্পীরা নিজে বিক্রি করতে বসত। সেকালে এই সব পটচিত্র মন্দিরের তীর্থযাত্রীরা স্মারক হিসেবে কিনে নিয়ে যেত। কালে কালে এই চিত্রকলা ভারতীয় চিত্রকলার একটি স্বতন্ত্র ঘরানায় পরিণত হয়। হিন্দু দেবদেবী ও অন্যান্য পৌরাণিক চরিত্র ও সমসাময়িক নানা ঘটনার ছবি ছিল এই চিত্রকলার বৈশিষ্ট্য।পশ্চিমবঙ্গের পটচিত্রের মধ্যে কালীঘাটের পট বিশেষভাবে উল্লেখযোগ্য। কালীঘাটের পট মূলত চৌকাপট। যা তুলনামূলক ছোট মাপের কাগজের উপর আঁকা। ঔপনিবেশিক সময়ের সামাজিক ও রাজনৈতিক বিষয়কে ব্যঙ্গ করে উপস্থাপন করার বিশেষ দিক কালীঘাটের পটে দেখতে পাওয়া যায়।

বাংলার চিত্রকলার ইতিহাসে তখন কোম্পানি আমলের পর্ব চলছে। সেই কোম্পানি চিত্রকলার নির্মান যুগের প্রাক্ মুহুর্তেই আমরা দেখতে পাই কালীঘাট পট শিল্পের উজ্বল উপস্থিতি। এদেশে ইউরোপীয় ধারার চিত্রকলার সূচনা পর্ব থেকেও দেখা গিয়েছে যে কালীঘাট পটচিত্রের ধারা আদরনীয় হয়ে উঠেছে। বাংলা শিল্পকলা ধারায় কালীঘাট পট চিত্ররীতি শুধু জনপ্রিয়ই নয়, তার রয়েছে এমন এক নিজস্ব শৈলীবিস্তার, যার সমঝদার আজও অক্ষুণ্ণ; কিন্তু সেই রীতি আজ স্তব্ধ।