পরিবারেই আমাদের প্রথম শিক্ষা শুরু
মন হলো চেতনার সাথে বাইরের জগতের উদ্দীপকের এক চলমান সম্পর্কের অবস্হা। আবার কারো কারো মতে মন হলো মস্তিষ্কের সাথে বাইরের জগতের উদ্দীপকের এক চলমান সম্পর্কের অবস্থা। আধুনিককালে মনোবিজ্ঞান হল আচরণের বিজ্ঞান। বয়স বাড়ার সাথে সাথে মানুষের মন মানসিকতা বা চিন্তার পরিবর্তন ঘটে। এটাকেই মানসিক বিকাশ বলা যায়। মানসিক বিকাশের ক্ষেত্রে পারিপার্শ্বিক পরিস্থিতি বা অবস্থা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ জন্মলগ্ন থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে চলে। এই শিক্ষার ফলেই মানুষের মানসিক বিকাশ সম্ভব হয়। একটি শিশুর প্রথম শিক্ষা শুরু হয় তার পরিবার থেকে, বিশেষ করে মা-বাবার কাছ থেকে। পরবর্তীতে পরিবারের বাকি সদস্যদের কাছ থেকেও শিক্ষা গ্রহণ করে। হাসি, আনন্দ, মজা, শব্দ এবং শব্দের মানে এই সমস্তই শিখতে থাকে। তাই প্রথমত শিশুর সঠিক বিকাশের জন্য বাড়ির পরিবেশ মনোরম হওয়া প্রয়োজন। আচার-আচরণ সংযত হওয়া প্রয়োজন। শিশুর গুণ বা দোষ শিশুর সামনে আলোচনা করা উচিত নয়। চার থেকে পাঁচ বছর বয়সের মধ্যে বাড়ির বড়দের দ্বারা সৃজনশীল শিক্ষা শুরু করা উচিত এবং পরবর্তীতে কমপক্ষে একটি সৃজনশীল (সব থেকে গুরুত্বপূর্ণ ভিজুয়াল আর্ট) শিক্ষা সঠিকভাবে অনুশীলনের প্রয়োজন। মন মানসিকতার সাথে

সুরের অত্যন্ত নিবিড় যোগ আছে। আনন্দের সুর বিশেষ করে সংগীত বা ইন্সট্রুমেন্টাল মিউজিক মন মানসিকতার উপরে প্রভাব ফেলে। নিয়ম করে কিছুটা সময় সুরের সাথে থাকা প্রয়োজন। এগুলোর মাধ্যমে শুধু ছোটদেরই নয়, বড়দের মনও ভালো থাকে।