সত্যি ভূতের গল্প

সত্যি ভূতের গল্প

May 23, 2024

অনুষ্কা ভৌমিক (খ বিভাগ)

'একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো চেয়ে দেখো বলে যেন বিনু।'

না সেটা কোনো স্বপ্ন ছিল না, একদম সত্যি ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা। যাতায়াতের পথে একটা জায়গা কেন জানিনা আমার খুব ভয় করত। বিশেষ করে সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে ফেরার সময় একা থাকলে গা ছমছম করত। জায়গাটা একটু ফাঁকা, অনেকটা লম্বা গোলি, উঁচু পাঁচিল আর কিছু লতানে গাছ ঝুঁকে পড়েছে। লম্বা একটি দেবদারু গাছ হাওয়াতে সারাক্ষণই দুলত। একটা বাঁক নিয়ে আবারও কিছুটা একই রকম। আর ওই বাঁকের মুখে একটা ল্যাম্পপোস্ট তাতে একটা হলুদ আলো। সন্ধ্যার পর হলুদ আলোটা জ্বললে এখানটায় একটা রহস্যময় পরিবেশ তৈরি হতো। আমাদের দুই বন্ধুকে প্রায় রাতে পড়া থেকে ওখান দিয়েই ফিরতে হতো। সেদিন পড়তে গিয়ে দেখি লিনিশা আসেনি। পড়া শেষে একাই ফিরছি। ওই জায়গাটার কথা ভেবে আমার গায়ে কেমন কাঁটাও দিচ্ছিলো। যখন ওই জায়গাটার কাছাকাছি এলাম আমি একটু জোরে  হাঁটছিলাম। বেশ কিছুক্ষণ পর বুঝতে পারলাম জায়গাটা কিছুতেই পার হয়ে যেতে পারছিনা। আরও জোরে হাঁটতে শুরু করলাম। ল্যাম্পপোস্টের নিচে এসে দেখলাম আলোটা দবদব করছে। যাহ্, কারেন্ট চলে গেল। অন্ধকার হয়ে গেল। আমি ছুটতে যাব এমন সময় দূরের বাড়িগুলোতে দেখি আলো জ্বলছে, কারেন্ট তো যায়নি। এদিকে যতই হাঁটছি ফিরে ফিরে ওই ল্যাম্পপোস্টের গোড়াতেই আসছি। আমি আবারও হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ পর দেখি আবারও এই ল্যাম্পপোস্টের গোড়ায়। আমি ছুটতে থাকলাম কিছুক্ষণ পর ঘুরে দেখি আবারও সেই ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছি। আমি দরদর করে ঘামছি, মাথা কোনো কাজ করছে না। কি করবো ভেবে পাচ্ছিনা। হঠাৎ কেন  জানিনা মনে হলো এগিয়ে যখন যেতে পারছিনা তখন পিছিয়ে যাই। আমি পিছন দিকে হাঁটতে শুরু করলাম। দেবদারু গাছটা এবারে বেশ জোরে দুলতে থাকলো। ল্যাম্পপোস্টের আলোটাও হঠাৎ জ্বলে উঠলো। আমি হঠাৎ দেখলাম সেই জায়গাটা পার হয়ে গেছি। বাকি রাস্তাও আমি বেশ জোরেই হেঁটে বাড়ি ফিরলাম।

ছবি সৌমেন দাশ